সাত দিনের মধ্যে রোহিঙ্গাদের মোবাইল সংযোগ বন্ধের নির্দেশ

২ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৩  
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের মোবাইল সেবা প্রদান না করতে সব কয়টি মোবাইল অপারেটরকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আর এই আদেশ প্রতিপালনে অপারেটরগুলোকে সাত দিনের সময় বেধে দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের আদেশ ক্রমে বিটিআরসি উপ-পরিচালক (এসএস) মো: নাহিদুল হাসান এ নির্দেশ দিয়েছেন। রোববার তার স্বাক্ষরিত এই নির্দেশনাটি মোবাইল অপারেটরগুলোর ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা-কে পাঠানো হয়েছে।গত বছর অপারেটরগুলোকে দেয়া আদেশের (সূত্র: বিটিআরসির পত্র নং-১৪.৩২.০০০০.০০৬.৪১.১৫০.১৭.৩১৬; তারিখ: ০৯/১০/২০১৮) বরাত দিয়ে চিঠিতে বলা হয়েছে “ উপরোক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইন শৃংখলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিংগা জনগোষ্ঠী যাতে মোবাইল সুবিধাদি না পায় এ বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদের সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছিল কিন্তু কমিশন হতে রোহিংগা ক্যাম্প পরিদর্শনকারী কমিটি হতে এবং বিভিন্ন পত্র-পত্রিকা, গণমাধ্যমে প্রকাশিত খবর, আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থা কর্তৃক রোহিংগা ক্যাম্পে রোহিংগা জনগোষ্ঠী কর্তৃক ব্যাপক হারে সিম/রিম ব্যবহার সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে।” “এমতাবস্থায়, আগামী ০৭(সাত) কার্য্যদিবসের মধ্যে রোহিংগা ক্যাম্পে কোন প্রকার সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক সিম ব্যবহার বন্ধ তথা রোহিংগা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধাদি প্রদান না করা সংক্রান্ত সকল ব্যবস্থা নিশ্চিত করে বিটিআরসিকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।”