সাত কলেজে ভর্তির প্রথম মনোনয়ন তালিকা প্রকাশ

২২ আগষ্ট, ২০২৩ ১৮:৪৬  

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে স্নাতক ১ম বর্ষে ভর্তির প্রথম মনোনয়ন তালিকা। আগামী ২৮ আগস্ট বিকেলে প্রকাশ করা হবে ভর্তির দ্বিতীয় মনোনয়ন।

ফল প্রকাশ করা হচ্ছে অনলাইনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে 7college.du.ac.bd ।

সরকারি সাত কলেজের সব ইউনিটের ভর্তিচ্ছুদের। মনোনীত বিষয় দেখতে ওয়েব সাইটের ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (তিন হাজার টাকা) প্রদান করতে পারবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে।

এর পরের মাইগ্রেশনে ওই পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

ড. মোস্তাফিজ আরও বলেন, আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে পর্যায়ক্রমে আরও চারটি (মোট পাঁচটি) মেধা তালিকা প্রকাশ করা হবে। এ বছর সাত কলেজে ভর্তি হতে আসন পাওয়ার জন্য ৩৯ হাজার ২৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে প্রথম মনোনয়ন তালিকায় ২৩ হাজার ৪৯০ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন।

জানা গেছে, এবার মোট ৪৫ হাজার ৬২০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ১৬ হাজার ৭৭৩টি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৭ হাজার ৩২০টি এবং বাণিজ্য ইউনিটে ১১ হাজার ৫২৭টি বিষয় ও কলেজ পছন্দের আবেদন জমা পড়েছে। এর বিপরীতে এবছর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য ৩টি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। যেখানে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।