সাইবার সুরক্ষায় বিশ্বে রোল মডেলের তালিকায় বাংলাদেশ
দেশের আইসিটি খাত যখন অস্থিরতা আর আস্থাহীনতার সঙ্কটে ডুবছে; ঠিক তখনই এলো বৈশ্বিক সুসংবাদ। আর এই সুসংবাদটা এলো দেশের সাইবার সুরক্ষার আন্তর্জাতিক সূচকে। সাইবার সুরক্ষিত বিশ্বের সেরা ১০ শতাংশ দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সূচকের বিভিন্ন মানে হয়েছে রোল মডেলও।
বৃহস্পতিবার আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্রকাশিত বৈশ্বিক সাইবার সুরক্ষা সূচক ২০২৪ প্রতিবেদনের পঞ্চম সংস্করণে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন বলছে, বাংলাদেশের কাতারেই রয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড, ব্রাজিল, ভারত, পাকিস্তান, জাপান ও সাউদি আরবের মতো ৩৬টি দেশ।
সূচক অনুযায়ী, বাংলাদেশ মোট ১০০ নম্বরের মধ্যে ৯৫ নম্বর পেয়েছে। পাঁচটি ক্যাটাগরির তিনটিতেই পেয়েছে পূর্ণ নম্বর। এগুলোর মধ্যে রয়েছে কারিগরি সক্ষমতা, সাংগঠনিক নৈপুন্যতা এবং সহযোগিতা ও সমন্বয়। বাকি দুই ক্যাটাগরির মধ্যে সক্ষমতা উন্নয়নে ২০ নম্বরে ১৯ দশমিক ৫২ এবং আইনি পদক্ষেপে ১৭ দশমিক ৪৪ নম্বর পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, দেশের এই সাইবার সুরক্ষার বিষয়টি দেখভাল করে বিজিডি ই-গভ সার্ট। সার্ট দলের প্রচেষ্টা থেকেই মধ্য অবস্থান থেকে আইটিইউ জিসিআই প্রতিবেদন ২০২৪ পঞ্চম সংস্করণের শীর্ষে চলে এসেছে বাংলাদেশ। এই প্রতিবেদনের শুরুতেই তাই এমন অবস্থান উন্নয়নের জন্য ফোকাল পয়েন্ট হিসেবে প্রতিটি দেশের প্রতিনিধিদের নাম উল্লেখ করা হয়েছে। এখানে বাংলাদেশ থেকে নাম রয়েছে তারেক বরকত উল্লাহ’র নাম রয়েছে। তবে তিনি এখন অবসরে রয়েছেন। ওই অবস্থানে এখন রয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ম্যানেজার (আইবিএম) ফখর উদ্দিন আল হেলাল।







