সহসাই মোবাইল ইন্টারনেটের মান ভালো হওয়ার সম্ভবনা নেই

২২ এপ্রিল, ২০২০ ০৪:৫০  
গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি শুরুর পর থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু কমছে মান। এই মান ঠিক করতে ইতোমধ্যেই সরকারের কাছে তরঙ্গ সুবিধা চেয়েছে ৪ মোবাইল অপারেটরই। কিন্তু সেই আশা দুরাশাই হতে চলেছে। কেননা বিনামূল্যে নয়, বাড়তি চাহিদা মেটাতে তরঙ্গ নিলামের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে পরিস্থিতি বিবেচনায় নিলাম মূল্যে কিছুটা ছাড় দেয়ার কথা ভাবছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এমনটাই জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, নিলাম ছাড়া তরঙ্গ দেওয়ার কোনো সুযোগ নেই। তাই কোনো অবস্থাতেই এটা আমরা করতে পারি না। কাজটি করতে গেলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই অবস্থায় সেটা সম্ভব হবে না। এর ফলে ছুটিতে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা মেটাতে রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক সরকারের কাছে বিনা মূল্যে তরঙ্গ চেয়েছিল তা না পাওয়ার সম্ভাবনাই বেশি। একই কারণে ইন্টারনেট সেবার মান খারাপ হওয়া ছাড়া উন্নত হাওয়া কোনো সুযোগ থাকলো না। কেননা, যদি এই তরঙ্গ পায়ও তবে যন্ত্রপাতি ও অবকাঠামো বসিয়ে তা গ্রাহক পর্যায়ে নিয়ে যেতে তিন মাসের মতো সময় লাগবে। এর ফলশ্রুতিতে করোনাকালে মোবাইল ইন্টারনেট ব্যবহারে স্বচ্ছন্দ্য হওয়াটা দুস্করই হবে।