সময়মতো ইন্টারনেট বিল পরিশোধে আইএসপিএবি’র অনুরোধ

৯ এপ্রিল, ২০২০ ২২:২২  
ইন্টারনেট গ্রাহকদের বিল বকেয় না রাখতে আহ্বান জানালো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। করোনার জরুরি পরিস্থিতিতের লকডাউনের মধ্যে সংযোগ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে এই আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গ্রাহকদের কাছে লেখা এক খোলা চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাভাবিক সময়ের চেয়ে প্রতিটি আইএসপি প্রতিষ্ঠানকে বাড়তি আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। আবার মাঝে-মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। তারপরও গ্রাহকরা যেন ঘরে বসেই অফিসের কাজ করার পাশাপাশি টেলিমেডিসিন সেবা গ্রহণ, অনলইনে নিত্যপ্রয়োজনীয় দ্রবের অর্ডার করা ও ব্যাংকিং লেনদেন করতে পারেন সে জন্য ২৪ ঘণ্টাই নিরবিচ্ছিন্ন সেবা চালু রেখেছেন। এরূপ পরিস্থিতিতে ইন্টারনেট বিল বকেয়া পড়ে গেলে সেবা অব্যাহত রাখা দুরূহ হয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। এ কারণেই মাসের শুরুতেই বিল পরিশোধের এই অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক।