সপ্তাহে মাত্র তিন ঘন্টা গেম খেলতে পারবে চীনের শিশুরা

৩১ আগষ্ট, ২০২১ ০৮:৩১  
শিশুদের অনলাইন ভিডিও গেম খেলাকে আরও কঠোর করলো চীন। এখন থেকে দেশটির শিশুরা সপ্তাহে মাত্র তিন ঘন্টা ভিডিও গেম খেলতে পারবে। খবর এনগ্যাজেট। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, টেনসেন্টের মতো প্ল্যাটফর্মগুলো এখন থেকে শুক্রবার, সাপ্তাহিক শেষ কর্মদিবসের রাতে ও সাধারণ ছুটিতে রাত ৮টা থেকে ৯টার মধ্যে গেম খেলার সুযোগ দিতে পারবে। ২০১৯ সালে নতুন নিয়ম করে শিশুদের গেম খেলার সময়ে বেশ বড় পরিবর্তন এনেছিলো চীন। সেই সময় প্রতিদিন গড়ে মাত্র দেড় ঘন্টা গেম খেলার সময় নির্ধারণ করে দেয়া হয়। চলতি মাসের প্রথম দিকে, টেনসেন্টকে গেম খেলার সেই সময় আরও কমিয়ে আনার নির্দেশনা দেয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, শিশুরা সাপ্তাহিক ছুটির আগের রাত ও সাপ্তাহিক ছুটির দিনে অনার অব কিংস মোবাইল গেম খেলতে সর্বমোট ৩ ঘন্টা সময় পাবে। আর এতে টেনসেন্টের শেয়ারেও প্রভাব পড়বে বলে প্রতীয়মান হচ্ছে। অন্য আরেকটি নীতিমালার মাধ্যমে, কোম্পানিগুলোকে তাদের সকল ব্যবহারকারীর সঠিক নাম, গেম খেলা সময়সহ যাবতীয় তথ্য সংরক্ষণ করতে হবে। ফলে নিয়ন্ত্রক সংস্থা এসব তথ্য যাচাই করতে পারবে। ডিবিটেক/বিএমটি