শনিবার থেকে ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষা

২ ডিসেম্বর, ২০২০ ২১:১০  
করোনাভাইরাস শনাক্তে আগামী শনিবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। প্রাথমিকভাবে দেশের ১০টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা হবে। জেলাগুলো হচ্ছে, পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেট। এরমধ্যে সিলেট ছাড়া বাকি জেলাগুলোর সদর হাসপাতালে এই টেস্ট করা যাবে। আর সিলেটে অ্যান্টিজেন টেস্ট হবে শহীদ শামসুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রমতে,  বুধবার স্বাস্থ্য অধিদফতরের এ সংক্রান্ত নির্দেশনা ওই ১০ জেলায় পাঠানো হয়েছে। একইসঙ্গে অধিদফতরে মেডিকেল টেকনোলজিস্টদের  প্রশিক্ষণও দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা অ্যান্টিজেন কিট নিয়ে নিজ নিজ জেলায় চলেও গেছেন।