লকডাউনে সবজি বাগান করছেন আইসিটি প্রতিমন্ত্রী

২২ এপ্রিল, ২০২০ ১৭:৫৬  
দীর্ঘ একমাসের কোয়ারেন্টিন পরিস্থিতিতে  কর্মময় জীবন যাপন করেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিদিনের রুটিন ঠিক রেখেই করোনার ঘরবন্দি জীবনকে উপভোগ করছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, অনলাইনে নিজ মন্ত্রণালয়ের কাজ সম্পাদনের পাশাপাশি খাদ্য, কৃষি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাজ সমন্বয় করে প্রযুক্তির ব্যবহারে কাজ করছেন তিনি। এর বাইরে বাচ্চাদের হোম ওয়ার্ক দেখানোর পাশাপাশি ছেলে মেয়েদের সঙ্গে মিলে নিজের পাশাপাশি তাদের পছন্দের গান শুনেও সময় কাটাচ্ছেন। দেখছেন মুভি। একইসঙ্গে বাগান করছেন। উৎপাদন করছেন লাউ- সবজি। বেসরকারি একটি টেলিভিশনের ‘তারকা কথন’অনুষ্ঠানে অংশ নিয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “আমরা কেউ যেন মনে না করি কোভিড ১৯ আগামী ৬ মাস বা এক বছরের মধ্যে ফিরে আসবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। মানসিক বা সমাজিক যে একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি তার জন্য প্রস্তুত থাকতে হবে।” এসময় সবাইকে মানসিক ভাবে প্রস্তুত হয়েই স্বাভাবিক ও অনলাইন জীবন যাপনে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন জুনাইদ আহমেদ পলক।