রেললাইনে সেলফি, ট্রেনের ধাক্কায় ছাত্রের মৃত্যু
রাজধানীর কুড়িলে রেললাইনের মাঝে দাঁড়িয়ে থেকে সেলফি তুলতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায়, নিহত ইমরান (১৬) গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার সহপাঠী আল রাফি (১৬) আহত হয়েছে। রবিবার (১৬ ফ্রেরুয়ারি) এই দুর্ঘটনাটি ঘটে।
এ প্রসঙ্গে ঢাকার রেলওয়ে কমলাপুর থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এসআই মহিউদ্দিন বলেন, সংবাদ পেয়ে ইমরানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইমরান ও রাফি দুজনে কুড়িলের রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলফোনে সেলফি ধারণ করছিলো। সেলফি ধারণ করার একপর্যায়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ইমরান ও রাফি। পরে হাসপাতালে নিয়ে গেলে ইমরানের মৃত্যু ঘটে।
জানা গেছে, দূর্ঘটনায় নিহত ইমরান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণ পাড়ার শাহ আলমের ছেলে।