রাশিয়ায় আবারও জরিমানা গুনছে গুগল

১৮ জানুয়ারি, ২০২২ ০৯:২৬  
নিষিদ্ধ কনটেন্ট না সরিয়ে ফেলায় রাশিয়ায় আবারও হোঁচট খেল প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার প্রতিষ্ঠানটিকে জরিমানা গুনতে হচ্ছে রাশিয়ায় ৪ মিলিয়ন রুবল। মস্কোর একটি আদালত সোমবার এই আদেশ দিয়েছেন। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, নিষিদ্ধ ওয়েবসাইটগুলোর বিভিন্ন লিঙ্কে অ্যাকসেস দেওয়ার কারণে নতুন করে গুগলকে জরিমানা করা হয়েছে । তবে এ দফাতেও এখন পর্যন্ত গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ায় প্রযুক্তি জায়ান্টগুলোর লাগাম টেনে ধরতেই বেশ কিছু নীতিমালা গ্রহণ করেছে পুতিন সরকার। প্রতিনিয়তই নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে নেওয়ার জন্য গুগল ও মেটাকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিষয়বস্তু সরাতে ব্যর্থ হওয়ায় এর আগেও জরিমানাও গুনেছে এ দুটি প্রতিষ্ঠান। রাশিয়ার দেওয়া আগের সতর্কবার্তায় বলা হয়েছিল, নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে না নিলে জরিমানা থেকে মুক্তি নেই গুগল ও মেটার। রাশিয়ায় ওই প্রতিষ্ঠানগুলোর আয় করা রাজস্ব থেকেই ওই জরিমানার অংশ কেটে নেওয়া হবে। তবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগল।