রাশিয়াতে বন্ধ হলো ফেসবুক
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে গোটা বিশ্ব তোলপাড়। আলোচনা-সমালোচনা সব মহলে। শুধু অন্য দেশের বাসিন্দারাই নন, রাশিয়ার অনেকেরও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হচ্ছেন। যুদ্ধের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। সেটি পছন্দ হচ্ছে না রাশিয়ার। আর তাই রাশিয়ায় বন্ধ করা হলো ফেসবুক। শুধু তাই নয়, টুইটারও বন্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও একাধিক ওয়েবসাইটও খোলা যাচ্ছে না বলে শোনা যাচ্ছে।
ফেসবুক বন্ধ হলেও ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এখনও চালু আছে। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর জানিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউক্রেন এবং যুক্তরাজ্যে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া আউটলেট আরটি এবং স্পুটনিককে ব্লক করেছে ফেসবুক। এছাড়া মেটা রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়ার কনটেন্ট ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে বিশ্বব্যাপী মুছে ফেলছে। এরই ধারাবাহিকতায় ফেসবুককে বন্ধ করে দেয়া হয়েছে।
রাশিয়া জানিয়েছে, ফেসবুক যা করেছে তা রাশিয়ার আইনের পরিপন্থি।
গত তিন দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলার সংখ্যাও বেড়েছে। ইউক্রেনের খারকিভ, চেরনিহিভ এবং মারিউপোল এখনও ইউক্রেনের হাতেই আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমনটাই দাবি করেছে ব্রিটেন। যুদ্ধে রাশিয়ারও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এতদিন একথা স্বীকার করেনি মস্কো। কিন্তু গত সপ্তাহে তারা জানিয়েছে, হামলা চালাতে গিয়ে প্রায় ৫০০ রুশ সৈন্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১,৬০০ রুশ সেনা।
ডিবিটেক/বিএমটি