বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তের খবর প্রকাশের পর মোবাইল অপারেটর রবির শেয়ার মূল্যে মন্দাবস্থা নেমে এসেছে। অপরদিকে লভ্যাংশ না দেওয়ায় অতিরিক্ত কর দিতে হবে অপারেটরটিকে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিট মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার বিধান না মানলে এই অতিরিক্ত করারোপের বিধান রয়েছে।
এদিকে মঙ্গলবার ঢাকার শেয়ারবাজারে লেনদেনের শুরুতে রবির শেয়ার দাম ৪৬ টাকা থেকে নেমে আসে ৩৯ টাকায়।

এরপর কিছুটা বেড়ে বেলা পৌনে ১২টার দিকে রবির শেয়ার লেনদেন হচ্ছিল ৪১ টাকা ৩০ পয়সায়, যা আগের দিনের তুলনায় ১০ দশমিক ২২ শতাংশ কম।
ওই সময়ে ঢাকার পুঁজিবাজারে রবির মোট ১ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৯২৬টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার মূল্য ৫৮ কোটি ৫১ লাখ।
গত বছরের শেষ দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এটাই রবির শেয়ার দরে সবচেয়ে বড় পতন।
এর আগে ১৮ জানুয়ারি রবির শেয়ারের দাম ৯ দশমিক ৩০ শতাংশ পড়ে গিয়েছিল।
১০ টাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও রবির শেয়ার প্রথম ১৫ দিনে টানা ৬০১ শতাংশ বেড়ে ৭০ টাকা ১০ পয়সা হয়ে গিয়েছিল।