যুথবদ্ধতায় সাম্যের জয়গানে শেষ হলো উইটসা সম্মেলন

১৪ নভেম্বর, ২০২১ ২১:৪৩  
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে মেঘ বন্দনায় ভার্চুয়াল মাধ্যমে প্রযুক্তি বাংলার মোহনীয় বাঁশির সুর ছড়িয়ে দিয়ে শেষ হলো বিশ্ব প্রযুক্তির অলিম্পিক খ্যাত উইটসা’র রজত সম্মেলন। রেববার রাতে শেষ হওয়া চারদিনের এই সম্মেলন ছিলো বাংলাদেশের জন্য প্রাপ্তির; প্রযুক্তি জ্ঞান ও ধারণা বিনিময়ের। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়ার রিহার্সেল। সম্মেলনে আজ প্রযুক্তির মাধ্যমে সাম্যের প্রতিষ্ঠায় প্রায় ঘণ্টা খানেক ধরে দিক নির্দেশনা দিয়েছন ওয়ার্ল্ড ওয়েবের জনক স্যার টিমোথি জন বার্নার্স লি। বিশ্বজুড়ে এই আই রোবটিকসে বাংলাদেশ কীভাবে ধীরে এগিয়ে যাচ্ছে সেই আলোচনার মধ্য দিয়ে শেষ দিন আশা দিয়েই পর্দা নামলো সম্মেলনের। সব মিলে ৩২টি সেমিনারে বাংলাদেশ পেয়েছে নেতৃত্ব দেয়ার কৌশল। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ডাক্তার আব্দুল মান্নান। বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও উইটসা ভাইস প্রেসিডেন্ট শাহিদ উল মুনীর। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে কাজে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রত্যয় ব্যক্ত করেছেন সবাইকে সাথে নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার। তিনি বলেন, এ বিশ্ব সম্মেলন মাধ্যমে বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তির সংশ্লিষ্টদের ও বিশেষজ্ঞদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলে তথ্যপ্রযুক্তির আন্তঃযোগাযোগ বৃদ্ধি ,উন্নয়ন ও বিকাশে অবদান রাখবে। এসময় তথ্যপ্রযুক্তি খাতের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপর গুরুত্বারোপ করেন পলক। অপরদিকে প্রধান অতিথির বক্তব্যে প্রযুক্তির যুথবদ্ধ ব্যবহারে ডিজিটাল বৈষম্য দূর করার ক্ষেত্রে বাংলাদেশ সফল হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,  প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে ও সজীব ওয়াজেদ জয় এর তত্ত্বাবধানে দেশের তথ্যপ্রযুক্তি খাত অনেক সফলতা অর্জন করেছে । ভবিষ্যতে এখাত আরো এগিয়ে যাবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন উইটসা মহাসচিব জেমস পয়স্যান্ট এবং উইটসার চেয়ারম্যান ইয়ানিস সিরোস। অনলাইন থেকেই পুরো আয়েজন সফল করায় উইটসার সাবেক চেয়ারম্যান সবুর খানের মাধ্যমে কম্পিউটার সমিতি কার্য নির্বাহী কমিটিকে সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করেন তারা। এর আগে সম্মেলন সফল করতে বিভিন্ন ভাবে সংযুক্ত ব্যক্তিরা গ্রুপ ছবি তুলে আগামী সম্মেলনের অপেক্ষার মধ্য দিয়ে শেষ হয় সমাপনী অনুষ্ঠান।