যমজ গ্যালাক্সির ছবি তুললো জেমস ওয়েব টেলিস্কোপ

১৩ জুলাই, ২০২৪ ২১:৪৯  

একের পর এক বিষ্ময়কে সামনে আনছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। এবার টেলিস্কোপটির তোলা নতুন একটি ছবিতে যমজ বা একে অপরের সাথে জোড়া লাগানো দুটি গ্যালাক্সি দেখা গেছে।

নাসা যে দুটি গ্যালাক্সির ছবি প্রকাশ করেছে, তার একটির নাম দেয়া হয়েছে পেঙ্গুইন। কারণ গ্যালাক্সিটি দেখতে অনেকটা পেঙ্গুইনের মতোই। আরেকটি ডিমের মতো দেখতে। তাই এর নাম ডিম।

গত ১২ জুলাই (শুক্রবার) ছবিটি প্রকাশ করা হয়। এদিন ছিলো জেমস ওয়েব টেলিস্কোপের মহাকাশের ছবি তোলার কাজের দুই বছর পূর্তির দিন।

২০২১ সালের ২৫ ডিসেম্বর মহাকাশের পথে উড়াল দেয় বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ- জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। প্রায় এক মাসের যাত্রা শেষে ২০২২ সালের ২৪ জানুয়ারি পৃথিবী থেকে ১০ লাখ মাইলের দূরের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয় এটি। এরপর জুলাইয়ে নিজের কাজ শুরু করে সে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি প্রকাশ করা হয় ২০২২ সালের ১২ই জুলাই। তখন থেকেই মহাবিশ্বের নিত্যনতুন দৃশ্য দেখে আসছে হাবল টেলিস্কোপের এই উত্তরসূরী। গত দুই বছরে এই দূরবীক্ষণ যন্ত্রের তোলা বহু বিস্ময়কর ছবি প্রকাশ করা হয়েছে। সবশেষ প্রকাশ করা হলো যমজ গ্যালাক্সির ছবি।

ডিবিটেক/বিএমটি