মোবাইল গেম জায়ান্ট জিংগাকে কিনছে টেক-টু
জনপ্রিয় গেম ‘ফার্মভিল’ এর নির্মাতা প্রতিষ্ঠান জিংগাকে অধিগ্রহণ করছে অপর জনপ্রিয় ভিডিও গেম ‘গ্রান্ড থেফট অটো’ এর নির্মাতা প্রতিষ্ঠান ‘টেক-টু’। প্রায় ১২ দশমিক ৭ বিলিয়ন ডলারে এই অধিগ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছে এনগ্যাজেট।
করোনা মহামারির প্রভাবে গেমিং খাত বেশ লাভবান হয়েছে। স্মার্টফোন গেমিংয়ের বিশাল উর্ধ্বমুখী বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে টেক-টু। সেই লক্ষেই জিংগাকে কিনে নিচ্ছে টেক-টু।
রকস্টার গেমস, কোডমাস্টারস এবং ২কে এর মালিকানা কোম্পানিও টেক-টু। এসব প্রতিষ্ঠান গ্রান্ড থেফট অটো, রেড ডেড রিডেম্পশন, বায়োশকের মতো নানা জনপ্রিয় গেম তৈরি করেছে। অন্যদিকে জিংগার থলেতে রয়েছে সিএসআর রেসিং, ফার্মভিল এবং ওয়ার্ডস উইথ ফ্রেন্ডসের মতো সুপরিচিত ও জনপ্রিয় মোবাইল গেম।
টেক-টু জানিয়েছে, নতুন এই অধিগ্রহণের মাধ্যমে অন্যতম সর্ববৃহৎ গেমিং কোম্পানি হতে যাচ্ছে কোম্পানিটি।
সম্প্রতি জে.পি. মর্গানের কাছ থেকে ২৭০ কোটি ডলারের বিনিয়োগ পেয়েছে ‘টেক-টু’। এই বিনিয়োগের অর্থসহ জিংগাকে কিনতে প্রয়োজনীয় বাকি অর্থ নিজের পকেট থেকে শোধ করবে টেক-টু।
ডিবিটেক/বিএমটি