মানবিক সেবার ডিজিাটাল তহবিল একদেশ উদ্বোধন
কোভিড-১৯ উপলক্ষে আর্তমানবতার সেবায় ক্রাউড সোর্স ভিত্তিক ডিজিটাল অনুদান প্লাটফর্ম ‘এক দেশ’ প্লাটফর্ম চালু করেছে আইসিটি বিভাগ। ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা মোবাইল পেমেন্ট বা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে অনুদান দেয়ার এই প্লাটফর্ম তৈরি করেছে এটুআই। ব্যাংক এশিয়ার সহযোগিতায় সুইফ কোডের মাধ্যমেও জাতীয় পেমেন্ট গেটওয়ে একপে এর মাধ্যমে অনুদান দেয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের মধ্যস্ততায় রেমিটেন্সের টাকাও একদেশ অ্যাপের মাধ্যমে মানবিক তহবিল গড়ে তুলতে অংশগ্রহণ করতে পারবেন প্রবাসীরাও।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ইসলামিক ফাউন্ডেশন, ব্রাক, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সেন্টারফর যাকাত ম্যানেজমেন্ট, সিআরপি, সাজেদা ফাউন্ডেশন এই অনুদান গ্রহিতা হিসেবে যুক্ত হয়েছে।
শুক্রবার (১৫ মে) এই প্লাটফর্মটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ভিডিও কনফারেন্সে শেরপুর থেকে ঝিনাইগাতির ভিক্ষুক শেখ নজিমুদ্দিন ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে প্রথম অনুদান প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানে এটুআই প্রকল্প পরিচালক মো: আব্দুল মান্নান, বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আনিস মাহমুদ, ব্রাকের সিইও আসিফ সালেহ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিশোর কুমার দাস, সাজেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদা ফিজা কবির, ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, সিআরপি প্রধান নির্বাহী শফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ডিজিটাল এই সংবাদ সম্মেলনে একদেশ প্লাটফর্ম নিয়ে এটুআই পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী বলেন, একদেশ একটি সেতু। এটি দাতা ও গ্রহিতার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। মানবাতার অনুদানের পাশপাশি, ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগ এবং এসডিজি উন্নয়নে ব্যবহৃত হবে।
আইসিটি সচিব এনএম জিয়াউল আলম বলেন, দেশের প্রথম ক্রাউডসোর্সিং ফ্লাটফর্ম একদেশ। এটি স্বচ্ছতার একটি জায়গা। আরো আগে এটি হলে আমরা এর মাধ্যমেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমাদের অনুদান দিতে পারতাম।
অনুষ্ঠানে একদেশ ক্রাউড ফান্ডিং সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন এটুআই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রোগ্রাম ম্যানেজার তহুরুল হাসান।