মাইজিপি অ্যাপেই বিকাশ অ্যাকাউন্ট
মাইজিপি অ্যাপ থেকেই এখন সহজে ও নির্বিঘ্নে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারছেন গ্রামীণফোন গ্রাহকরা। যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে প্রথমবারের মতো এধরনের একটি সেবা নিয়ে আসার কথা সোমবার জানিয়েছেন অপারেটরটি। নতুন এই সেবা চালু উপলক্ষে মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নতুন গ্রাহকরা ১২৫ টাকা পর্যন্ত বোনাস পাবেন বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনের সব উদ্যোগের কেন্দ্রে থাকেন গ্রাহকরা। আমরা প্রতিনিয়ত তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান ও উদ্ভাবনী সেবা নিয়ে আসার চেষ্টা করি যা তাদের সক্ষমতা, সুবিধা ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে। বিকাশ-এর সাথে আমাদের এই যৌথ যাত্রা এই গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন যা, আমাদের সমন্বিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল সক্ষমতার আরও প্রসার ঘটাবে।”
একই অনুভূতি প্রকাশ করে বিকাশ-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “বিকাশ-এর শুরু থেকেই এর ডিএনএ-তে রয়েছে আর্থিক অন্তর্ভুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক সেবা। গ্রামীণফোন ও বিকাশ-এর এই যৌথ উদ্ভাবনী উদ্যোগ বিভিন্ন আর্থিক সেবার ব্যবহার বাড়িয়ে ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি, বাংলাদেশের ক্যাশলেস অভিযাত্রায় এই সক্ষমতা গ্রাহকের জন্য আরও সুযোগ এনে দেবে।”
প্রসঙ্গত, মাইজিপি অ্যাপের ‘সার্ভিস’ সেকশনে এখন থেকে ‘বিকাশ রেজিস্ট্রেশন’ পেজ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, যেখানে গ্রাহকরা মাত্র এক ক্লিকেই বিকাশ-এর গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপগুলি অনুসরণ করে ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইওর কাস্টমার) প্রক্রিয়াটি পূরণ করতে হবে। এভাবেই সহজ ও ঝামেলামুক্ত এই পদ্ধতিতে গ্রাহক মুহূর্তেই বিকাশ-এর মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক সেবা গ্রহণের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।







