মহাকাশে থ্রিডি প্রিন্টার পাঠাচ্ছে নাসা

১৬ আগষ্ট, ২০২১ ১১:১৬  
মহাকাশে কলোনি স্থাপনের সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরই অংশ হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হচ্ছে একটি থ্রিডি প্রিন্টার। মহাকাশে আবাসন নির্মাণে ওই থ্রিডি প্রিন্টারেই চাঁদের আলগা মাটি ও পাথরের অনুকরণে কাঁচামাল তৈরির চেষ্টা চলবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। বলা হচ্ছে, ‘আর্টেমিস’ প্রকল্পের অধীনে দ্য রেডওয়্যার রিগলিথ প্রিন্ট (আরআরপি) আইএসএস-এর ম্যানডি প্রিন্টার সিস্টেমের সঙ্গে কাজ করবে একযোগে। তৈরি করবে বাড়ি বানানোর নির্মাণ উপাদান রিগলিথ। এই কাঁচামাল ব্যবহার করে নির্মিত অবকাঠামো মহাকাশের বৈরি পরিবেশে টিকতে পারে কি না, তা পর্যবেক্ষণ করবেন আইএসএস-এর নভোচারীরা। আর থ্রিডি প্রিন্টারে টেকসই কাঁচামাল তৈরি সম্ভব হলে চাঁদ ও মঙ্গলে নাসার নির্মাণ সামগ্রী পরিবহনের চাপ কমবে। আরও এক ধাপ এগিয়ে যাবে মহাকাশে কলোনি স্থাপনের স্বপ্ন।