ভার্চুয়াল মাধ্যমে সাড়ম্বরেই পালিত হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তী উৎসব। সোশ্যাল মিডিয়া ফেসবুক-টুইটার হয়ে এই উৎসব ছড়িয়ে পড়েছে বিশ্বময়। নতুন-পুরাতন শিক্ষার্থীরা বিশেষ অ্যাপে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল রাঙিছেন উৎসবের আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পেজ থেকে শতবর্ষ দিবস উদযাপন সম্প্রচার করছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।
১ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর পর সকাল ১১টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বসে অনলাইন সভা।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন ভার্চুয়াল সভায় জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম সংযুক্ত হয়ে ‘শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রসঙ্গ: আন্দোলন ও সংগ্রাম’ শীর্ষক মূল বক্তব্য দেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), কোষাধ্যক্ষ, সাবেক দুইজন উপাচার্য, দুইজন ডিন, একজন প্রভোস্ট, একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাবি শিক্ষক সমিতিসহ অন্যান্য সমিতির পক্ষ থেকে নেতারা সংযুক্ত হবেন এই অনলাইন অনুষ্ঠানে।
সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক উপাচার্য অধ্যাপক, এস এম এ ফয়েজ, অধ্যাপক আবুল কালাম আজাদ, আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ প্রমুখ।