ভার্চুয়াল আদালতে অনীহা বরিশাল জেলা আইনজীবী সমিতির

৫ জুন, ২০২০ ০৫:৩৭  
ভার্চুয়াল আদালত কার্যক্রমে অনীহা প্রকাশ করেছে বরিশাল জেলা আইনজীবী সমিতি। এই আদালতে আপত্তি জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালতে মামলা পরিচালনার দাবীতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন তারা। জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম ও সাধারণ সম্পাদক কাইয়ুম খান কায়সার সমিতির দুই শতাধিক সদস্য সাক্ষরিত ওই আবেদনটি বৃহস্পতিবার প্রধান বিচারপতি বরাবর পাঠানো হয়েছে। সূত্র মতে, জেলা আইনজীবী রেজুলেশন করে এই আবেদন করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, গত ৩১ মে থেকে সারা দেশের সকল অফিস, শিল্প প্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা ও পরিবহন খুলে দেয়া হয়েছে। কিন্তু আদালতগুলো ভার্চুয়াল পদ্ধতিতে চালু রাখা হয়েছে। এতে কিছু সংখ্যক আইনজীবী ছাড়া অন্যান্য সকল আইনজীবী বেকার হয়ে পড়েছেন। এভাবে চলতে থাকলে আইনজীবীরা নিরুপায় হয়ে পড়বেন। তাই আইনজীবীরা স্বাস্থবিধি মেনে যথারীতি পূর্বের ন্যায় আইন পেশায় ফিরতে চায়।