ভারতে ইভিএম ভোটে ‘ভিভিপ্যাট’ পরীক্ষার দাবি

৩১ জানুয়ারি, ২০২১ ১১:৩৪  
ভারতে ফের ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। সেইসঙ্গে দাবি উঠেছে আসন্ন নির্বাচনে শতভাগ ভিভিপ্যাট পরীক্ষার। অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত আমলা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত ‘দ্য সিটিজেনস কমিশন অন ইলেকশন’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে ইভিএম ভোটিং পদ্ধতির সমীক্ষা শেষে এই দাবি করা হয়েছে। দিল্লি আইআইটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. সঞ্জীব প্রসাদের তত্ত্বাবধানে  ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে এই সমীক্ষা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, সাইড চ্যানেল থেকে আক্রমণ এলে অর্থাৎ তড়িৎচুম্বক ও অন্যান্য পদ্ধতিতে ইলেকট্রনিক যন্ত্রকৌশলকে হ্যাক করা হলে, তা ঠেকানোর ব্যবস্থা করা হয়নি। এছাড়া ইভিএমের মধ্যে যে প্রসেসর চিপটি রয়েছে, সেটি কেবল একবারই প্রোগ্রাম করার উপযুক্ত কিনা তাও সন্দেহজনক। এসব কারণেই ইভিএম নিয়ে সংশয় প্রকাশ করেছে ‘দ্য সিটিজেনস কমিশন অন ইলেকশন’। পাশাপাশি শতভাগ ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি জানিয়েছেন তারা। সংগঠনের বক্তব্য, সময়ের কারণ দেখিয়ে ভিভিপ্যাট স্লিপ গুনতে চায় না নির্বাচন কমিশন। অথচ আগে যখন ব্যালট ব্যবস্থা চালু ছিল তখন কম সময়েই তা গণনার কাজ করা সম্ভব হতো। ফলে কমিশনের যুক্তি খাটে না।