ব্যক্তি উদ্যোগে ৫০ গৃহহীনকে ঘর দেবেন পলক

২৩ জানুয়ারি, ২০২১ ১৭:৩৫  
গৃহহীনদের শুধু ঘরই দেবে না, তাদের আর্থিক ভাবে স্বয়ংসম্পূর্ণ হতে সহযোগিতা করবে সরকার। এক্ষেত্রে মুবিজবর্ষে প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্তরা যেকোনো প্রয়োজনে প্রতিমন্ত্রীকে ফোন করতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার নাটোরের সিংড়ায় ৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের আগে দেয়া বক্তব্যে এই অনুমতি দেন তিনি। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসানসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানেরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেখানো পথে প্রত্যেককেই এই কাজে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ৫০টি পরিবারকে নিজ উদ্যোগে ঘর তৈরি করে দেয়ার শপথ করেন জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০ হাজার ঘর দিচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে আগামী বছরে ৯ লাখ গৃহহীনকে ঘর দেয়ার পরিকল্পনা করছেন। অর্থাৎ এই মুজীববর্ষে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘর যেরকম বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে, বাংলাদেশের প্রতিটি মানুষ যে রকম ইন্টারনেটে সংযুক্ত হচ্ছে, বাংলাদেশের প্রতিটি সন্তান যেমন শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে, প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হচ্ছে, একই রকম ভাবে বাংলাদেশের কোনো গৃহহীন মানুষ যেনো খোলা আকাশের নিচে না থাকে তার জন্য জননেত্রী শেখ হাসিনা এই বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্বে এটা একটা নতুন রেকর্ড সৃষ্টি করছে। এদিকে সারাদেশের ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে বাড়ির চাবি বুঝিয়ে দিতে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিসিএল ব্রডব্যান্ড সংযোগে ৪৯২টি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন জেলায় উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। আর ত্রুটিহীনভাবে এই সেবা দিতে পারায় স্বস্তি প্রকাশ করে বিটিসিএলকে ধন্যবাদ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।   এর আগে, নাটোরের সাতটি উপজেলায় খাস জমির উপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৫৫৮টি আধাপাকা বাড়ি নির্মাণ করা হয়েছে। এরমধ্যে বড়াইগ্রামের ১৬০টি বাড়ির চাবি-দলিল হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়ায় বাড়ির চাবি-দলিল হস্তান্তর করেন সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, নাটোর সদরে ১৬২টি বাড়ির চাবি-দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।