বেধের দেয়া সময়ের আগেই দ্বিতীয় কিস্তির টাকা দিলো রবি

২৬ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:৩৫  
বেধে দেয়া সময়ের ২০দিন আগে বিটিআরসিকে দ্বিতীয় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে মোবাইল অপারেটর রবি। অডিট আপত্তিতে বিটিআরসির পাওনা দাবি ইস্যুর সুরাহা প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতের নির্দেশে এই টাকা দিচ্ছে রবি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মুখপাত্র ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. জাকির হোসেন খান। তিনি বলেন, এটা আমাদের নিয়মিত সংগ্রহ। গত ১১ ফেব্রুয়ারি রবি টাকা জমা দিয়েছে। এর আগে সমপরিমাণ টাকার প্রথম কিস্তি ১৪ জানুয়ারি পরিশোধ করেছিল অপারেটরটি। গত ৫ জানুয়ারি আপাতত পাঁচ মাসের সমান কিস্তিতে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিল আদালত। রায় অনুযায়ী, দ্বিতীয় কিস্তির টাকা জমা দেয়ার শেষ দিন ছিলো ২৯ ফেব্রুয়ারি।