বৃহস্পতিবার সবচেয়ে বেশি ঘড়ি বা গহনা ফেলে যান উবার আরোহীরা

১২ মার্চ, ২০২০ ১৭:৫৭  
উবারে ভুলে সবচেয়ে বেশি মোবাইল ফোন ফেলে যান বাংলাদেশী যাত্রীরা। এছাড়াও এই তালিকায় আছে মিষ্টান্ন, নেইল কাটার, মেকআপ এবং ডাক্তারের প্রেসক্রিপশনও। যাত্রীদের বৃহস্পতিবার ও শুক্রবার এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা অর্থাৎ খাবার সময় এবং খাওয়ার পরের অলস সময়ে জিনিসপত্র ভুলে রেখে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এর মধ্যে সোমবারে লাইসেন্স বা আইডি কার্ড, মঙ্গলবারে ল্যাপটপ, বুধবারে পানির বোতল, বৃহস্পতি, শনি ও রবিবারে ঘড়ি বা গহনা এবং শুক্রবারে হেডফোন ফেলে যাওয়ার প্রবণতাটাই বেশি। বৃহস্পতিবার (১২ মার্চ) তৃতীয়বারের মতো ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স’ প্রকাশ করেছে উবার বাংলাদেশ। এই সূচক অনুযায়ী, ভুলে গাড়িতে ছাতা থেকে শুরু করে আর্টওয়ার্ক পর্যন্ত ফেলে যান যাত্রীরা তবে এসব জিনিস আরোহীকে ফেরত দিয়ে দেয়া হয় বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। ভুলে ফেলে যাওয়া শীর্ষ ১০টির তালিকায় রয়েছে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ ও মানিব্যাগ, কাপড়, চশমা, ছাতা, চাবি, কাঁচা বাজার, হেডফোন এবং পানির বোতল। আর হারিয়ে যাওয়া জিনিস “লস্ট আইটেম” ফেরত পেতে হলে প্রথমে অ্যাপটির “মেন্যুতে” গিয়ে “ইয়োর ট্রিপস্” বাটনে চাপ দিতে হবে। এর যে ট্রিপে জিনিসটি ফেলে গেছেন সেটি সিলেক্ট করতে হবে। অতঃপর “রিপোর্ট অ্যান ইস্যু উইথ দিস ট্রিপ” বাটনটি সিলেক্ট করে “আই লস্ট অ্যান আইটেম” বাটনটি নির্বাচন করুতে হবে। এ পর্যায়ে “কন্ট্যাক্ট মাই ড্রাইভার অ্যাবাউট এ লস্ট আইটেম” অপশনটি নির্বাচনের পর স্ক্রল করে নিচে নেমে যে ফোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে হবে সেটি লিখে সাবমিট করতে হবে। যদি নিজের মোবাইল হারিয়ে যায় তাহলে কাছের কোনো মানুষের ফোন নাম্বার ব্যবহার করার পরামর্শ দিয়েছে উবার।