বিশ্বে অনুকরণীয় ডিজিটাল বাংলাদেশ : মোস্তাফা জব্বার

১৫ নভেম্বর, ২০২১ ১৫:০২  
ডিজিটাইজেশনের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে তরুণ সমাজকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে অনলাইনে গ্রামীণফোন আয়োজিত জিপি এক্সপ্লোরারস ২.০ গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান তিনি। ‘ডিজিটাল যুগ নতুন প্রজন্মের জন্য স্বর্ণালী সময়’ উল্লেখ করে ‘ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক বা শিক্ষার উন্নয়নে বিশ্বে অনুকরণীয়’ বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তিনি বলেছেন, সম্ভাবনাময় বিশাল তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের উপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রী আরো বলেন, গ্রামীণফোনের ইন-হাউস স্কিল একাডেমি থেকে গ্র্যাজুয়েশন লাভকারী শিক্ষার্থীরা যেভাবে নিজেদের তৈরি করতে পেরেছে তা জীবনের বড় ভিত্তি হিসেবে কাজ করবে। এই প্রশিক্ষণ প্রচলিত ধারা থেকে ব্যতিক্রমী ধারায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। অনুষ্ঠাানে সভাপতির বক্তব্যে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, উদ্ভাবনের ধারা বজায় রাখতে আমাদের প্রয়োজন প্রতিযোগিতামূলক মনোভাবসম্পন্ন ও ডিজিটালভাবে দক্ষ উজ্জীবিত তরুণ প্রজন্ম। অন্যদিকে তরুণ চাকরিপ্রার্থীরা এসব ক্ষেত্রে সঠিকভাবে মানিয়ে নেওয়ার জন্য কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা বিকাশে বিশেষ আগ্রহ প্রকাশ করে থাকেন। সেক্ষেত্রে এক্সপ্লোরারস সবার জন্যই সুবিধাজনক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র এবং গ্রামীণফোরে ফি কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হোসেন সাদাতও বক্তব্য রাখেন।