বিক্রি হচ্ছে এনগ্যাজেটসহ ভেরিজনের মিডিয়া ব্যবসা

৪ মে, ২০২১ ০২:৪১  
এনগ্যাজেটসহ ‘ভেরিজন মিডিয়া’ ইউনিটকে বিক্রি করছে ভেরিজন। পাঁচ বিলিয়ন ডলারে বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের কাছে এই ইউনিটকে বিক্রি করতে সম্মত হয়েছে কোম্পানিটি। ইয়াহু নামের নতুন কোম্পানিতে ভেরিজনের ১০ শতাংশ শেয়ার থাকবে বলে জানানো হয়েছে। অনলাইন বিজ্ঞাপন বাজারের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে টেলিকম জায়ান্টটির একাধিক অধিগ্রহণের মাধ্যমে ভেরিজন মিডিয়া ইউনিট গড়ে উঠে। ২০১৫ সালে চার দশমিক চার বিলিয়ন ডলারে এনগ্যাজেট, হাফপোস্ট, টেকক্রাঞ্চ ও অটোব্লগের মালিকানা কোম্পানি এওএল কিনে নেয় ভেরিজন। ২০১৭ সালে চার দশমিক ৪৮ বিলিয়ন ডলারে ইয়াহুকে নিজের করে নেয় ভেরিজন। ইয়াহু অধিগ্রহণের পর ভেরিজন তাদের মিডিয়া ও বিজ্ঞাপন সেবাকে এক জায়গায় আনতে ‘ওয়াথ’ নামের নতুন ডিভিশন চালু করে। ২০১৮ সালের শেষ নাগাদ ৪০ হাজারের অধিক ওয়াথ কর্মীকে চাকরি থেকে অব্যহতি দেয় এবং ওয়াথের নাম পরিবর্তন করে ‘ভেরিজন মিডিয়া’ নামকরণ করে। এরপর থেকে মূলত ইয়াহু ব্র্যান্ডকে সঙ্গী করে এগিয়ে চলেছে ভেরিজন মিডিয়া। অনেকগুলো প্রত্যাশা পূরণ না হলেও গত দুই প্রান্তিকে আয়ে ডাবল ডিজিটের প্রবৃদ্ধি শুরু হয়েছে। ২০২০ সালের শেষের দিকে ভেরিজন বাজফিডের কাছে হাফপোস্ট বিক্রি করতে সম্মত হয় এবং চলতি বছরের প্রথমদিকে চুক্তিটি সম্পন্ন হয়। অ্যাপোলো কেনো প্রযুক্তি সংবাদ, রিভিউ এবং বিশ্লেষণে আগ্রহী হলো সেটি এখনও পরিস্কার নয়, তবে বোঝা যাচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি ভেরিজন মিডিয়া বিজ্ঞাপন প্রযুক্তি বিশেষ করে ইয়াহু মেইল, স্পোর্টস ও ফিন্যান্স বিজনেকে অধিক আগ্রহী হয়েছে। চলতি বছরে দ্বিতীয়ার্ধে ভেরিজন মিডিয়া বিক্রির চুক্তিটি সম্পন্ন হতে পারে জানিয়েছে এনগ্যাজেট। ডিবিটেক/বিএমটি