বিকাশে উপবৃত্তির টাকা পেতে জটিলতা

১৯ আগষ্ট, ২০২০ ১৬:১৬  
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তবে অনেকেই পিন নাম্বার ভুলে যাওয়া, পিন ব্লক হয়ে যাওয়া বা তথ্য ভুল থাকায় উপবৃত্তির টাকা তুলতে জটিলতায় পড়ছেন। এমন পরিস্থিতিতে প্রকল্পের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে এসইডিপি। চিঠির পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধানে বিকাশ কেয়ার সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে বিকাশ কেয়ার সেন্টারের ঠিকানা পেতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ইমেইলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অধিদপ্তরের যোগাযোগ করতে বলা হয়েছে। জানা গেছে, কোন কারণে টাকা তুলতে না পারলে নতুন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য বিকাশ কেয়ার সেন্টারে গিয়ে আগের জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং শিক্ষার্থীর আইডি নাম্বার ঠিক থাকতে হবে। তথ্য হালনাগাদ বা নতুন অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন আনতে হবে। এছাড়া আগের অ্যাকাউন্ট নাম্বার ও অভিভাবকের জাতীয় পরিচয় পত্রসহ অভিভাবককে স্বশরীরে উপস্থিত হয়ে তথ্য হালনাগাদ করাতে হবে।