বাক্কো-অ্যাসেট প্রকল্প সমঝোতা চুক্তি সই

২৭ জুন, ২০২৪ ১৯:০৫  

সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকনমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রকল্পের সাথে বৃহস্পতিবার সমঝোতা চুক্তিতে আবদ্ধ হয়েছে বাণিজ্যিক সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’। চুক্তি অনুযায়ী, অ্যাসেট প্রকল্পের এন্টারপ্রাইজ ভিত্তিক প্রশিক্ষণের আওতায় অন্তর্ভুক্ত করা হয় বাক্কোকে।

এ প্রশিক্ষণ কার্যক্রমটির আওতায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দেশের যুব, শ্রমিক, নারী, প্রতিবন্ধী, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস করে অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বাক্কো।

বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাক্কোর সহ-সভাপতি তানভীর ইব্রাহীম এবং এ্যাসেট প্রকল্পের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।