বাংলাদেশের হাইটেক পার্কে ফিলিপাইনের আগ্রহ
বাংলাদেশী উদ্যোক্তাদের পেছনে বিনিয়োগে আগ্রহী ফিলাইপইন। হাইটেক পার্কে উদ্যোক্তাদের জন্য বিনা ভাড়ায় স্পেস ও অন্যান্য ইউটিলিটি সুবিধায় এই আগ্রহক প্রকাশ করেছে তারা।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন সফররত ফিলিপাইনের ১৫ সদস্যের প্রতিনিধি দল।
সূত্রমতে, সভায় বাংলাদেশের আইটি সেক্টরে ফিলিপাইন কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শুরুতেই প্রতিনিধি দলকে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে বিশদ ধারনা দেয়া হয়। গত ১০ বছরে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের উন্নতির চিত্র তুলে ধরতে একটি অডিও-ভিজুয়াল প্রদর্শন করা হয়।
এরপর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বাংলাদেশের আইটি সেক্টরে সাম্প্রতিক অগ্রগতি বর্ণনা করেন এবং এই সেক্টরের বিনিয়োগের ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন। দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে আইসিটি বিভাগের বিভিন্ন উদ্যোগের বিষয় অবহিত করেন। ফিলিপাইন এক্ষেত্রে একসাথে কাজ করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি জানান, বাংলাদেশের প্রতিটি হাই-টেক পার্কে স্টার্ট-আপদের জন্য বিনা ভাড়ায় স্পেস ও অন্যান্য ইউটিলিটি সুবিধা দেওয়া হচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে ফিলিপাইনও এদেশে কাজ করতে পারে।