বাংলাদেশে ফেসবুকের ব্যবসায় প্রতিনিধি এইচটিটিপুল
বাংলাদেশে ফেসবুকের জন্য অনুমোদিত সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল-কে নিযুক্ত করেছে ফেসবুক। এই নিযুক্তকরনের ফলে এখন থেকে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এজেন্সিগুলোকে সহায়তা দেবে এইচটিটিপুল। একইসঙ্গে এই নিয়োগের ফলে স্থানীয় মুদ্রায় ফেসবুকে বিজ্ঞাপনের বিলে পরিশোধ অথবা মনিটাইজেশনের টাকা প্রাপ্তির পথও সহতর হলো।
সোমবার (২২ জুন) ফেসবুকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেট ডিরেক্টর জর্ডি ফরনিস বলেছেন, আমরা বিশ্বাস করি, স্থানীয় ও আঞ্চলিক বাজারের উপর এইচটিটিপুলের যে ব্যাপক ধারণা ও দক্ষতা রয়েছে তার মাধ্যমে আমরা বাংলাদেশের স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে এই সঙ্কটময় পরিস্থিতিতে আরও শক্তিশালী হয়ে উঠতে এবং তাদের সম্ভাব্য বিস্তৃতিকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করতে পারব।”
এইচটিটিপুল এশিয়া প্যাসিফিকের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানি নাগপাল বলেছেন, ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল বাংলাদেশের স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে বিনামূল্যে উন্নতমানের ফেসবুক মিডিয়া পরামর্শ দেবে। তারা স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোকে নতুন ও প্রয়োজনীয় কৌশল শেখাতে ফেসবুক ব্লুপ্রিন্টসহ বিভিন্ন প্রোগ্রাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে। এছাড়াও এইচটিটিপুলের মাধ্যমে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলো বিজ্ঞাপনের জন্য স্থানীয়ভাবে বাংলাদেশী টাকায় ফেসবুককে অর্থ পরিশোধ করতে পারবে যাতে তারা তাদের গ্রাহকের সাথে ফেসবুক অভিজ্ঞতার সর্বাত্মক সুযোগ নিতে পারে।