বাংলাদেশে ওয়ানপ্লাস আইওটি ইকোসিস্টেম উন্মোচন

২২ ডিসেম্বর, ২০২৪ ১৪:৪৯  

বাংলাদেশের বাজারে আইওটি ইকোসিস্টেম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। এই ইকোসিস্টেমের অংশ হিসেবে তিনটি অত্যাধুনিক ডিভাইস– ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ ও ওয়ানপ্লাস বাডস প্রো ৩ উন্মোচন করা হয়েছে। ওয়ানপ্লাস প্যাড ২, ওয়ানপ্লাস ওয়াচ ২ বাজারে পাওয়া গেলেও কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে ওয়ানপ্লাস বাডস প্রো ৩।

জানাগেছে, ওয়ানপ্লাস প্যাড ২ ও ওয়াচ ২ ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ও এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়াও অনলাইনে পিকাবু, দারাজ ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকেও পণ্যগুলো অর্ডার করা যাবে। বাডস প্রো ৩ এর বাজারে আসার তারিখ ও মূল্য শিগগরই ঘোষণা করা হবে। ওয়ানপ্লাস-এর সকল পণ্য ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যাবে।

রবিবার ওয়ানপ্লাস বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিভাইসগুলো বাংলাদেশের চালু হওয়া সম্পূর্ণ সমন্বিত আইওটি ইকোসিস্টেমগুলোর একটি, যা ব্যবহারকারীদের উদ্ভাবন ও সংযোগের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে । এই ডিভাইসগুলো নিরবচ্ছিন্ন সংযোগ, হাই পারফর্মেন্স, অত্যাধুনিক ডিজাইন ও উন্নত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করবে।

এরমধ্যে ওয়ানপ্লাস প্যাড ২ ট্যাবলেট প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। পাতলা নিম্বাস গ্রে অল-মেটাল ইউনিবডির ট্যাবটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্ল্যাটফর্ম চালিত। ট্যাবলেটটিতে রয়েছে ১২.১-ইঞ্চি থ্রি-কে ডিসপ্লে ও ছয়টি স্টেরিও স্পিকার। মাল্টিটাস্কিংয়ের জন্য রয়েছে এআই স্পিক, নোট লেখার জন্য রেকর্ডিং সামারি এবং কনটেন্ট তৈরির জন্য এআই রাইটার ফিচার। দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে আছে ৯৫১০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। প্যাডটির দাম ৫৯,৯৯৯ টাকা। আর আলাদাভাবে এই প্যাডের স্মার্ট কিবোর্ডটির দাম ১০,৯৯৯ টাকা। এছাড়া ব্ল্যাক স্টিল রঙে বাংলাদেশের বাজারে অবমুক্ত করা ওয়ানপ্লাস ওয়াচ ২ এর মূল্য ২৯,৯৯৯ টাকা। বাডস প্রো ৩ মিডনাইট ওপাস ও লুনার রেডিয়েন্স রঙে বাজারে পাওয়া যাবে।