বদলে যাচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার

১৮ নভেম্বর, ২০২১ ০৭:৪০  
উইন্ডোজ ১১ এর জন্য নতুন মিডিয়া প্লেব্যাক অ্যাপ তৈরি করেছে মাইক্রোসফট। এই অ্যাপটি গ্রোভ মিউজিক অ্যাপ এবং ২০০৯ সাল থেকে কোনো পরিবর্তন না আসা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার উভয়েরই সকল সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে। উইন্ডোজ ইনসাইডার গ্রাহকরা এখনই ‘মিডিয়া প্লেয়ার ফর উইন্ডোজ ১১’ নামের অ্যাপটি ব্যবহার করতে পারছেন। খবর এনগ্যাজেট। অ্যাপটি মিউজিক এবং ভিডিও প্লেব্যাকের জন্য ডিজাইন করা হয়েছে। যারা গ্রোভ মিউজিক অ্যাপ ব্যবহার করতেন তারা নতুন অ্যাপের আপডেট করতে পারবেন। গ্রোভ মিউজিক অ্যাপের লাইব্রেরি এবং প্লেলিস্ট স্বয়ংক্রিয়ভাবে নতুন মিডিয়া প্লেয়ার অ্যাপে মাইগ্রেট হয়ে যাবে। মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা কী শুনতে চান সেটি সহজেই লাইব্রেরি থেকে ব্রাউজ করতে পারবেন। এছাড়া প্লেলিস্ট তৈরি ও ব্যবস্থাপনা করতে পারবেন। প্লেব্যাকের সময় অ্যালবাম আর্ট ও ‘রিচ আর্টিস্ট ইমেজারি’ ফুল স্ক্রিণ অথবা মিনি-প্লেয়ার মোডে দেখা যাবে। পিসির মিউজিক ও ভিডিও ফ্লোডার থেকেও অ্যাপটি ফাইল যুক্ত করতে পারবে। সেটিংসের মাধ্যমে ব্যবহারকারী নির্ধারণ করে দিতে পারবেন যে কোন কোন জায়গা থেকে মিডিয়া প্লেয়ারটি তার লাইব্রেরিতে যুক্ত করার জন্য ফাইল খুঁজতে পারবে। ডিবিটেক/বিএমটি