ফ্রান্সে গুগলকে ১৬৭ মিলিয়ন ডলার জরিমানা

২১ ডিসেম্বর, ২০১৯ ২২:১৫  
প্রায় চার বছরের তদন্তের শেষে ফ্রান্সের নিয়ন্ত্রক সংস্থা গুগলকে ১৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে। অস্বচ্ছ ও অপ্রত্যাশিত বিজ্ঞাপনী নীতিমালার দায়ে এই জরিমানা করা হয়েছে। খবর এনগ্যাজেট। প্রায় চার বছর আগে ফ্রান্সের কোম্পানি গিবমিডিয়া তাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়ায় গুগলের বিরুদ্ধে মামলা করে। তারপর থেকে তদন্ত শুরু হয়। রয়টার্সের মতে, ফ্রান্সের নিয়ন্ত্রক সংস্থা যুক্তি দেখিয়েছে যে গুগল তাদের টার্মস অব ইউজ অ্যান্ড রুলস পরিবর্তনের মাধ্যমে বাজারে তাদের শক্তির অপব্যবহার করেছে। গুগল এ বিষয়ে আপিল করবে বলে জানানো হয়েছে। গিবমিডিয়া আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে কর্পোরেট ডাটা, ডিরেকশনসহ বিভিন্ন ধরণের সেবা দিয়ে থাকে। গুগলের দাবি কোম্পানিটি বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করে আসছিলো। তারা তাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে অস্বচ্ছ বিলিং আইটেমে সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে অর্থ নিতো। আমরা এ ধরণের বিজ্ঞাপন চাই না। তাই তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। বেশ কয়েকটি বিষয়ে ও ধারায় গুগলকে এই জরিমানা করেছে ফ্রান্স। সম্প্রতি অস্বচ্ছতার অভিযোগে গুগলকে আরও ৫৭ মিলিয়ন ডলারের জরিমানা করেছিলো দেশটি। ডিবিটেক/বিএমটি