ফেসবুক আড্ডায় তামিম-রোহিতের রোনালদো বন্দনা
নিয়মিত ফেসবুক লাইভ আড্ডায় কত জানা-অজানা মজার কথাই না তুলে আনছেন বুম বুম তামিম ইকবাল। ক্রিকেট আড্ডায় তাই উঠে আসে ক্রিকেটারদের ফুটবল ক্রেজ। জানাগেলো তামিমের মতো ভারতীয় ওপেনার রোহিত শর্মাও রিয়াল মাদ্রিদ আর রোনালদোর পাঁড় সমর্থক।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ভারতীয় ওপেনার রোহিতের সঙ্গে লাইভ আড্ডায় মাতেন তামিম।
এক পর্যায়ে তামিম রোহিতকে জিজ্ঞেস করেন, ‘আমি জানি যে, আপনি রিয়াল মাদ্রিদের ভক্ত। তাই নয় কি?’ ভারতের তারকা ব্যাটসম্যান হ্যাঁ সূচক জবাব দেন।
তামিম বলে চলেন, ‘আমি রিয়ালের বিশাল ভক্ত। (বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের) ড্রেসিং রুমে প্রায়ই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা নিয়ে তর্ক-বিতর্ক করি আমরা। ক্রিকেটারদের অর্ধেক বার্সেলোনার সমর্থক, বাকি অর্ধেক রিয়ালের সমর্থক।’
এরপর রোহিতকে আবার প্রশ্ন করেন তামিম। জানতে চান, তিনি রোনালদোরও ভক্ত কি-না। প্রশ্ন শেষ হতেই জাবাব দেন তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডের মালিক রোহিত শর্মা। বললেন, ‘রোনালদো হলেন রাজা। ক্যারিয়ারে তিনি যা যা করেছেন, তা এক কথায় তুলনাহীন। তার সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা যায়। ক্যারিয়ারের অর্জনগুলোর জন্য তিনি প্রশংসার যোগ্য। তিনি যে পরিবেশ থেকে উঠে এসেছেন, এটা সহজ ছিল না। শুরুর দিকে কঠিন সময় পার করতে হয়েছে তাকে। আমি এই ধরনের মানুষদের সবসময় সম্মান জানাই, যাদের ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কষ্ট করতে হয়েছে ঠিকই, কিন্তু সুযোগগুলোকে কাজে লাগিয়ে যারা ক্যারিয়ার শেষ করার আগে এমন উচ্চতায় পৌঁছাতে পেরেছেন।’