ফেস শিল্ড, সেফটি গগলস তৈরি করলো ওয়ালটন
করোনা দুর্যোগে দেশেই ফেস শিল্ড এবং সেফটি গগলস তৈরি করলো ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীদের পারসোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই)-এর সম্পূর্ণতায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে উৎপাদক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এ বিষয়ে ওয়ালটনের আরেক নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, দেশে আগে থেকেই প্রোটেকটিভ স্যুট, মাস্ক, গ্লাভস, স্যু কভার, হেড ক্যাপ ইত্যাদি গার্মেন্টস আইটেম তৈরি হচ্ছিল। এবারই প্রথম ব্যাপক আকারে ফেস শিল্ড এবং গগলসের মতো পণ্য তৈরি শুরু করলো ওয়ালটন। এর ফলে করোনাভাইরাস সহ অন্যান্য সংক্রামক রোগীদের চিকিৎসাকাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই’র দেশীয় উৎপাদন পূর্ণতা পেলো। পরিস্থিতি বুঝে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এসব মেডিকেল আইটেম রপ্তানি করা সম্ভব হবে।
ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে দৈনিক ১০০০ গগলস এবং ১৫০০ ফেস শিল্ড তৈরি করছে তারা। প্রাথমিকভাবে এগুলো বিনামূল্যে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
সেই লক্ষ্যে শনিবার (১১ এপ্রিল) সারা দেশের চিকিৎসকদের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরকে (ডিজিএইচএস) আনুষ্ঠানিকভাবে ফেস শিল্ড এবং সেফটি গগলস হস্তান্তর করে ওয়ালটন।
এ সময় উপস্থিত ছিলেন ডিজিএইচএস-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অধ্যাপক সানিয়া তাহমিনা, প্রোগ্রাম ম্যানেজার (নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ রিজওয়ানুল করিম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ মারুফুর রহমান, ওয়ালটনের ফেস শিল্ড এবং সেফটি গগলস উৎপাদন প্রকল্পের কো-অর্ডিনেটর প্রকৌশলী আপেল মাহমুদ প্রমুখ।