তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার দুই ছেলে অপূর্ব ও অর্জনের আরোগ্য লাভের জন্য শুক্রবার বাদ জুম্মা মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এরমধ্যে কেবল প্রতিমন্ত্রীর নির্বাচনী এলকা সিংড়া উপজেলার ৮২০টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সিংড়া দমদমা আল জামেয়াতুল কোর আনিয়া মাদ্রাসার এতিম ও ওয়ালামাদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর আয়োজনে
দোয়া অনুষ্ঠানে করোনা আক্রান্ত প্রতিমন্ত্রী পলক ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করা হয়।
সিংড়া পৌর শহরের কেন্দ্রীয় মসজিদে দোয়া পরিচালনা করেন উত্তরবঙ্গের মাওলানা আলী আকবর। দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ ধর্মপ্রাণ মুলসল্লিরা অংশ নেন।
সিংড়ার পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার দুই ছেলের করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে এই দোয়ার আয়োজন হয়।
গত ৫ জানুয়ারি নিজের ভেরিভাইড ফেসবুক ওয়ালে তার ও তার দু সন্তানের করোনা আক্রান্ত হওয়ার খবর পোস্ট করেন এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করেন প্রতিমন্ত্রী পলক। শুক্রবার শেষ খবর পর্যন্ত তিনি কোয়ারেন্টিনে বেশ সুস্থতা বোধ করেন বলে জানা গেছে।