নারী কর্মীদের জন্য বিক্রয়ের ‘মনের জানালা’
বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, কর্মস্থলে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতিসংঘের ‘হি ফর শি’ ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শীর্ষক একটি ফোরাম তৈরি করেছে। তরুণ নারী কর্মীদের মধ্যে নেতৃত্বের গুণগত মান বাড়ানোর লক্ষ্যে গত তিন বছর ধরে প্রতি তিন মাস অন্তর এ অনুষ্ঠানটি হয়ে আসছে।
ফোরামের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিক্রয়-এর কর্মীদের অংশগ্রহণে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে অবস্থিত প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আই টি সেন্টার লিমিটেড-এর কান্ট্রি ম্যানেজার অ্যান্ড সিইও জারা মাহবুব। এছাড়াও বিক্রয় এর পক্ষ থেকে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম; হেড অব মার্কেটিং, অ্যাড সেলস অ্যান্ড জবস ঈশিতা শারমিন; এবং হেড অব মার্কেটপ্লেস, সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার নাজ হুসাইন সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
‘মনের জানালা’ ফোরামটি প্রতিনিয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সকল ক্ষেত্রে নারী সদস্যগণের অংশগ্রহণ উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করছে।
‘মনের জানালা’ প্রসঙ্গে অনুষ্ঠানের অতিথি জারা মাহবুব বলেন, ‘বহু বছর ধরেই নারীরা সাংসারিক জীবনের পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জিং পেশাতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছে, আশার কথা হলো এই সংখ্যাটি প্রতিনিয়ত বেড়ে চলেছে। পেশাগত জীবনে একজন দক্ষ কর্মী সবসময়ই মূল্যবান- হোক সে নারী বা পুরুষ।
নারীরা সব ধরণের চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা রাখে কিন্তু এখনো অনেক ক্ষেত্রে তাঁদের যোগ্যতা প্রমাণের জন্য পুরুষ সহকর্মীদের চেয়েও বেশি পরিশ্রম করতে হয়।
ঈশিতা শারমিন বলেন, ব্যবস্থাপনা পর্যায়ে নারী ও পুরুষ কর্মীদের বৈচিত্র্য সবসময়ই ভালো ফলাফল বয়ে আনে, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানগুলিতে নেতৃত্বের ভূমিকাগুলিতে নারীদের অংশগ্রহণ কম থাকে। তবে বিক্রয় এ আমরা সবসময়ই নারী ও পুরুষ উভয়কে সমান সুযোগ দিয়ে থাকি যাতে করে তাঁরা সেই আত্মবিশ্বাসটি গড়ে তুলতে পারে”।