নববর্ষে সম্মুখ যোদ্ধাদের গ্রামীণফোন সিইও’র কৃতজ্ঞতা

১৪ এপ্রিল, ২০২০ ১৪:১২  
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ঝুঁকি সত্ত্বেও দেশজুড়ে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান ও সংস্থার সহস্রাধিক মানুষ । বর্তমান সঙ্কট উত্তরণের মাধ্যমে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশজুড়ে অক্লান্ত কাজ করে যাচ্ছেন ডাক্তার, স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, সেনাসদস্য, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্বেচ্ছাসেবাী সংগঠন, সাংবাদিক, ত্রাণকর্মী, ক্লিনার এবং টেলিযোগাযোগ সেবাদানে মাঠপর্যায়ের কর্মীরা। সকল জরা ঘুচে নতুন দিনের প্রত্যাশায় তাদের এ ত্যাগ নববর্ষের তাৎপর্যকেই প্রতিধ্বনিত করে। প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে দেশের এ প্রতিকূল সময়ে গ্রামীণফোন শুধুমাত্র দায়িত্ব নিয়ে নিরলস কাজই করছে না, পাশাপাশি করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি প্রকাশ করেছে আন্তরিক কৃতজ্ঞতা। পহেলা বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ, এর প্রথম প্রহরে এ সম্মুখযুদ্ধের নেতৃত্বদানকারী—যারা জাতিকে এ সঙ্কট মুহূর্তে সেবা দিয়ে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, তাদের প্রতি এক ভিডিওবার্তায় নিজেদের কৃতজ্ঞতা ব্যক্ত করলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান।