দ্বিগুণ হচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সক্ষমতা
এর আগে কারিগরি উন্নয়নের মাধ্যমে সি-মি–উই ৪ কনসোর্টিয়ামে দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের ক্ষমতা ১০০ জিবিপিএস হতে বাড়িয়ে ৪০০ জিবিপিএস করা হয়েছে। এবার দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সিম-মি-উই-৫ এর দ্বিতীয় ক্যাবলটির সক্ষমতা দ্বিগুণ করছে সরকার।
বর্তমানে এই ক্যাবল হতে ৭০০ জিবিপিএস ব্যান্ডউইথ আসছে। কিন্তু সিম-মি-উই-৫ কনসোর্টিয়ামে যুক্ত বাংলাদেশের দ্বিতীয় এই সাবমেরিন ক্যাবলের ক্ষমতা ১৫০০ জিবিপিএস। আর সরকার এখন চাইছে এই ১৫০০ জিবিপিএসের ক্ষমতা দ্বিগুণ করে ফেলতে।
যদিও এই ক্ষমতা কতটুকু বাড়বে সেটি এখনও ঠিক হয়নি। তবে ইতোমধ্যে ক্যাবলটির সক্ষমতা বাড়ানোর প্রস্তাব বিএসসিসিএলে পাঠানো হয়েছে।
দেশে ক্রমান্বয়ে ব্যান্ডউইথ মূল্য বাড়ায় বাড়তি চাহিদা মেটাতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, একদিকে আমরা তৃতীয় সাবমেরিন ক্যাবলের জন্য সি-মি-উই ৬ এ যুক্ত হয়েছি অন্যদিকে সি-মি-উই ৫ এর দ্বিতীয় ক্যাবলটিরও সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এখন করিগরি উন্নয়ন ঘটিয়ে এই ক্যাবলে যতটুকু সক্ষমতা বাড়ানো যায় সেই চেষ্টাই চলছে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোর হিসাবে দেশে এখন ১৪০০ জিবিপিএসের মতো ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। এরমধ্যে প্রথম সাবমেরিন ক্যাবলে আসছে ৪০০ জিবিপিএস এবং দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের বাইরে ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল কোম্পানিগুলো আমদানি করছে ৩০০ এর মতো ব্যান্ডউইথ।