ঢাকায় ফেরেনি এক তৃতীয়াংশ মোবাইল গ্রাহক
ঈদ উল আযহায় ঢাকা ছাড়া মোবাইল সিম গ্রাহকদের মধ্যে এক তৃতীয়াংশই ছুটি শেষেও ফেরেনি। সিম গ্রাহকদের ১ জুলাই পর্যন্ত ঢাকা ত্যাগ ও প্রবেশের দৈনিক হিসাব থেকে এই তথ্য মিলেছে।
চার অপারেটরের সিম গ্রাহকদের ঢাকায় প্রবেশ ও ঢাকা ত্যাগের এই উপাত্তটি নিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
পরিসংখ্যান বলেছে, ১ জুলাই পর্যন্ত ঢাকা ত্যাগ করে ৯৯ লাখ ৪৭ হাজার ৭২৬ গ্রাহক। বিপরীতে ঢাকায় প্রবেশ করেছে ৩২ লাখ ৮২ হাজার ১৫২ গ্রাহক। এরমধ্যে গ্রাহক সংখ্যায় শীর্ষে থাকা গ্রামীণফোনের ঢাকা ত্যাগ করা ৪৬ লাখ ৭৫ হাজার ৮১২ গ্রাহকের মধ্যে ফিরেছে ৭ লাখ ২৬ হাজার ২৩৯ গ্রাহক। একইভাবে রবি’র ১৬ লাখ ৮০ হাজার ৭৬২ সিম গ্রাহকের মধ্যে ৫ লাখ ৬৬ হাজার ৬৬০ গ্রাহক; বাংলালিংকের ৩২ লাখ ৫৯ হাজার ৬৩৭ গ্রাহকের মধ্যে ১৭ লাখ ৪৭ হাজার ৮৬ গ্রাহক এবং রাষ্ট্রায়ত্ব টেলিকম প্রতিষ্ঠান টেলিটকের ৩ লাখ ৩১ হাজার ৫১৫ গ্রাহকের মধ্যে ২ লাখ ৪২ হাজার ১৬৭ গ্রাহক ঢাকায় ফিরেছে।
ঈদ উল ফিতরের সময় ঢাকা ত্যাগ করা মোবাইল সিমের সংখ্যা ছিল ২৭ লাখ ৯০ হাজার ৭৯১।
মোবাইল ফোন অপারেটরদের দেয়া তথ্য অনুযায়ী, অনেকে একাধিক অপারেটরের একাধিক সিম ব্যবহার করে থাকেন। তবে একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করলে তাকে একাধিক গ্রাহক হিসেবেই বিবেচনা করা হয়।







