ডিজিটাল প্ল্যাটফর্মে আইসিটি বিভাগের ঈদ পুনর্মিলনী
ঈদের একদিন পর মঙ্গলবার অনলাইনে ঈদ পুনর্মিলনী উদযাপন করলো আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। নাটোরের সিংড়ার বাসভবন থেকে সভাপতি হিসেবে এতে যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় ভিন্ন প্রেক্ষাপটে আইসিটি পরিবারের কর্মকর্তাগণ কিভাবে ঈদ উদযাপন করেছেন সে বিষয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করায় প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি সরকারের নির্দেশ অনুযায়ী ঘরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী করোনা ভাইরাসের কারণে এবারের ঈদের প্রেক্ষাপটের ভিন্নতা তুলে ধরে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মহামারী শেষ হবে। প্রযুক্তির সহায়তায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো একই সাথে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।'
তিনি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের করোনা মহামারি থেকে দ্রুত মুক্তি, ভাইরাসে আক্রান্ত হয়ে স্বজনহারাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ বিভাগ এবং এর অধীন বিভিন্ন সংস্থার প্রধানগন ও কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত হন।