ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৩ চুক্তি সই

১৬ জুলাই, ২০১৯ ১৯:৪৪  
প্রযুক্তি সেবা আদান-প্রদানে টেলিটক এবং বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানীর সঙ্গে সোনালী ব্যাংক, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে পৃথক তিনটি স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এই চুক্তি ৩টি সই হয়। এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন। জানাগেছে, ডাক অধিদপ্তর ও সোনালী ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ডাক বিভাগ প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের ব্যবস্থা করবে। এর ফলে সাধারণ মানুষ ব্যাংক হিসাব খোলার সুযোগ লাভ করবে। এছাড়াও ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে ডাক বিভাগ কাজ করবে। চুক্তিতে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: ওবায়েদ উল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। টেলিটক ও পিএসসির মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণ, স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এডমিটকার্ড বিতরণ, সিট প্ল্যানিং, হাজিরা সিট তৈরী এবং অন- লাইনে ফলাফল প্রকাশ ইত্যাদি কার্যক্রম টেলিটকের মাধ্যমে পরিচালিত হবে। টেলিটক এমডি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পিএসসির সচিব বেগম ও. এন সিদ্দিকা খানম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানী লি: এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বিটিভি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচার কার্যক্রম বাণিজ্যিক ভাবে শুরু করবে। চুক্তিতে বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ এবং বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচারক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহরিয়ার আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।