টেলিটকের ৫১৮ কোটি ও আলাপে আয় ২৮ কোটি টাকা

২০ জুন, ২০২৪ ১৪:৫৩  

বিটিসিএল, টেলিটক ও টেশিসের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে পৃথকভাবে অনুষ্ঠিত হলো বিটিসিএল, টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থার কার্যক্রম পর্যালোচনা সভা। সভায় বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ার হোসেন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী এবং টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

উপস্থাপনায় দেখানো হয়, গত এপ্রিল পর্যন্ত টেলিটকের গ্রাহক সংখ্যা ছিলো সাড়ে ৬৫ লাখ। আর ২০২২-২৩ অর্থ বছরে আয় করেছে ৫১৮ কোটি টাকা। অপারেটরটির মোট ৫৬৬১টি টাওয়ারের মধ্যে ৫টি থ্রিজি ও ৪জি টাওয়ার রয়েছে। তব ২জি ও ৪জি টাওয়ার আছে ১২০১টি। এই টাওয়ারগুলো ছাড়া বাকি সব টাওয়ারই ৩জি বন্ধ করে ৪জি তরঙ্গে স্থানান্তর করা হচ্ছে। এছাড়াও ‘আলাপ’ অ্যাপটির পরীক্ষামূলক বৈশ্বিক উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বিটিসিএল। এই অ্যাপটি এখন ২০ হাজার সাবসক্রাইবার একইসঙ্গে ব্যবহার করতে পারেন। ইতিমেধ্যই এই অ্যাপে ৬০৯ মিনিট পেইড কল থেকে প্রায় ২৮ কোটি টাকা আয় হয়েছে।

এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো: মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে অব্যবহৃত সম্পদের ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস, বিদ্যমান প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বছরেরর পর বছর লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে করণীয় নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ডাক, টেলিযোগাযো ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সভায় বিটিসিএল, টেলিটক এবং টেশিসকে গর্বিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠায় অব্যবহৃত সম্পদের যথাযথ ব্যবহার, অপারেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং সর্বোপরি দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

বৈঠক সূত্রে প্রকাশ, সভায় বিটিসিএল এর অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ আলাপ-এর সেবার মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট জীবন-এর সেবার আওতাবৃদ্ধি এবং অন্যান্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন জুনাইদ আহমেদ পলক। অনুরূপভাবে টেলিটক ও টেলিফোন শিল্প সংস্থাকে সম্পদ ও প্রযুক্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠান ‍দুটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে সুযোগ কাজে লাগাতে যথাযথ পরিকল্পনা প্রণয়নও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।
তিনি বলেছেন, টেলিযোগাযোগ খাতের লোকসানী প্রতিষ্ঠানসমূহকে লাভজনক করতে স্মার্ট সম্পদ ব্যবস্থাপনা অপরিহার্য। দক্ষতা আন্তরিকতা এবং সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার মধ্য ‍দিয়ে বিটিসিএল টেলিটক এবং টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।