টেলিটক প্রধান কার্যালয়ে ‘মুজিব কর্নার’
রাজধানী ঢাকার গুলশান টেলিটক প্রধান কার্যালয়ে মুজিব কর্নার স্থাপন করেছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক। বুধবার (১৮ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই কর্নারটির উদ্বোধন করেন।
এসময় টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
টেলিটকে মুজিব কর্নার উদ্বোধনের আগে মন্ত্রী টেলিটকে সদ্য যোগদানকৃত ৬০ জন কর্মকর্তার দেড় মাসব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এসময় মোস্তাফা জব্বার বলেন, করোনা ভাইরাসের সতর্কতার কারণে মুজিব জন্মশতবর্ষ অনুষ্ঠান সশরীরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান পালন করতে না পারায় ব্যক্তিগত আনন্দ বা সামাজিকতা হয়ত হয়নি। কিন্তু ডিজিটাল মিডিয়ার মাধ্যমে মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানমালা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে। ডিজিটাল প্রযুক্তির সুবাদে আমরা মাঠের অনুষ্ঠানের ঘাটতি অনেকটাই অতিক্রম করতে পেরেছি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কণ্ঠে ৭ মার্চের ভাষণের অংশবিশেষ দশকোটিরও বেশী মোবাইল গ্রাহককে পৌছে দেয়া হচ্ছে । একইভাবে করোনা সংক্রান্ত সতর্কতা এবং বঙ্গবন্ধুর জন্ম দিনের শুভেচ্ছা আমরা ডিজিটাল মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। ডাক বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী দেশের চারকোটি পরিবারের হাতে পৌছে দেওয়া হচ্ছে।