টিকে থাকতে ২৫৫ কোটি টাকার প্রণোদনা চায় বাক্ক

১১ এপ্রিল, ২০২০ ১৮:০০  
কর্মীদের আগামী ছয় মাসের বেতন ও অফিস ভাড়ার একাংশ হিসেবে সরকারের কাছে ২৫৫ কোটি টাকা প্রণোদনা অনুদান চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং-বাক্ক। একইসঙ্গে দুই শতাংশ সুদে ৫০০ কোটি টাকার ব্যাংক ঋণ সুবিধা চেয়েছে সংগঠনটি। আর এই সহযোগিতা না পেলে কর্মী ছাঁটাই করা ছড়াও ব্যবসায় গুটিয়ে নেয়া লাগতে পারে বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের। সরকারের কাছে এই সুবিধা চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বাক্ক সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন ডিজিবাংলাকে বললেন, আমাদের সদস্যদের ২০ শতাংশের ব্যবসায় আমেরিকা ও কানাডা ও ইউরোপের সঙ্গে সংশ্লিষ্ট। তাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তারা এখন বিপুল ক্ষতির সম্মুখিন। দেশের ভেতর তো এখন সরকারিভাবে কলসেন্টারের কাজের চাহিদা বেড়েছে সেখানে বাক্ক প্রতিষ্ঠানগুলো কি সুযোগ পাচ্ছে না প্রশ্নের জবাবে তিনি বলেন, কল সেন্টারের চাহিদা বাড়লেও ওভার অল সাপোর্ট আমরা পাচ্ছি না। যানবাহন ও নিরাপত্তা ইস্যুতে অনেকেই বাইরে বের হতে চাচ্ছেন না। আবার অনেক কাজ বাসায় বসে করাও সম্ভব নয়। তৌহিদ হোসেন জানান, বাক্ক এর ১৫০ সদস্য প্রতিষ্ঠানের সঙ্গে অন্তত ৫০ হাজারের বেশি পরিবারের জীবিকা এই খাতের সঙ্গে জড়িত।