টিকা নেওয়ার আগের দিন ফোনে এসএমএস পাবেন গ্রহীতারা

৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৪৩  
যারা টিকা নেবেন তাদের কাছে একদিন আগেই মোবাইল ফোনে এসএমএস পৌঁছে যাবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মিজানুর রহমান। তিনি জানান, রোববার সারাদেশে একযোগে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরু হবে। এদিন যারা টিকা পাবেন শনিবার বিকেলের মধ্যেই তাদের মোবাইল ফোনে এসএমএস পৌঁছে যাবে। শুধু রোববার যারা টিকা পাবেন তাদেরই নয়, সব টিকাগ্রহীতাকেই আগের দিন মোবাইলে জানিয়ে দেওয়া হবে। রোববার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিজে টিকা নিয়ে গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে।