জাতীয় পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ফ্রন্টিয়ার টেকনলোজি
গবেষণা ও উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে জাতীয় পাঠ্যক্রমে ‘ফ্রন্টিয়ার টেকনলোজি’ অন্তর্ভূক্ত করতে শিক্ষামন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে আইসিটি বিভাগ। এরইমধ্যে গত সপ্তাহে ফ্রন্টিয়ার প্রযুক্তির ৫টি বিষয়ের কৌশল পত্রের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৭ ডিসেম্বর) সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালের ‘উদ্ভাবনমুখী বাংলাদেশের সমন্বিত ডিজিটাল অর্থনীতি’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, কেবল বিশ্ববিদ্যালয় নয়, চতুর্থ শিল্প বিপ্লবের জ্ঞান ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশজুড়ে স্কুল পর্যায়েও কাজ করছে সরকার। উদ্ভাবন ও উদ্যোক্তাদের সহায়তায় ৬৪ জেলাতেই হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার। আর এবার হেলথ টেক, এ্যডুটেক, এগ্রিটেক, ফিনটেক, বায়োটেক, ন্যানোটেক, রোবটিকস এবং অন্যান্য ভবিষ্যত প্রযুক্তি খাতে তাদেরকে আর্থিক সহায়তা করতে গঠন করা হয়েছে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি। ন্যাশনাল এআই, ব্লকচেইন, রোবটিকস, ইন্টারনেট অব থিংকস এবং মাইক্রো প্রসেসর ডিজাইন টেকনলোজি স্ট্রাটেজি অনুমোদন দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আইসিটি বিভাগের মাধ্যমে উদ্ভাবন ও গবেষণায় গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে গবেষণা ও উন্নয়নে দেশের তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমেই বেরিয়ে আসছে ভবিষ্যতের প্রযুক্তি বিজ্ঞানী ও নেতা।
পলক আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য উদ্ভাবন। আর সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে প্রান্তিক মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপনের মধ্য দিয়ে। একইসময়ে মোবাইল ফিন্যান্সিয়াল সেবা নীতিমালা অনুমোদন দেয়ায় দেশে বিকাশ এর মতো এমএফএস বিপ্লব ঘটে। দেশের ৯ কোটি মানুষ এই সেবাটি ব্যবহার করছে। একইভাবে রাইড শেয়ার আত্মপ্রকাশের মুহূর্তে স্থানীয় উদ্যোক্তাদের পাশে দাঁড়ায় সরকার। যার ফলশ্রুতিতে দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’ ১০০ মিলিয়ন ডলারের বেশি বৈদেশিক তহবিল পায়।
ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের (ইউএনসিডিএফ) কান্ট্রি প্রোজেক্ট কো-অডিনেটর মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনসিডিএফ এসএইচআইএফটি প্রোগ্রাম ম্যানেজার (আসিয়ান অ্যান্ড সার্ক) রাজীব কুমার গুপ্ত।
ভার্চুয়াল অনুষ্ঠানে কোভিড ১৯ এর পরবর্তী আইসিটি রোডম্যাপ তুলে ধরেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সিইও টিনা জেবিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনসিডিএফ এর গ্লোবাল লিড ফ্রান্সিও কোপিয়েনি।