চিপ সঙ্কটের কারণে গাড়ি উৎপাদন কমাচ্ছে ফোর্ড

৭ ফেব্রুয়ারি, ২০২২ ২৩:১৫  
বিশ্বব্যাপী চিপ সঙ্কটের ব্যাপক আকার ধারণ করায় গাড়ির উৎপাদন কমিয়ে আনা কিংবা আপাতভাবে বন্ধ রাখার চিন্তা করছে বিখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান ফোর্ড। কোম্পানিটির একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মোট ৮টি কারখানায় উৎপাদন কমানো কিংবা স্থগিত রাখার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী চরম চিপ সঙ্কট চলছে। এতে স্মার্টফোন, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল খাত সবচেয়ে বেকায়দায় পড়েছে। এ অবস্থায় বাজারে টিকে থাকতে গাড়ি উৎপাদন সীমাবদ্ধ করার কথা ঘোষণা দিয়েছিলো ফোর্ড। তারই ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফোর্ড জানিয়েছে, আপাতত ৩টি দেশের ৮টি কারখানায় গাড়ি নির্মাণ কার্যক্রম সীমাবদ্ধ করা হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান, শিকাগো ও মেক্সিকোর কুয়াটিটলানের কারখানায় উৎপাদন স্থগিত করা হবে। এদিকে যুক্তরাষ্ট্রের কানসাসে এফ-১৫০ পিকআপ ট্রাক উৎপাদন নিম্নমুখী থাকবে। এর মধ্যে একটি শিফট শুধু ট্রানজিট ভ্যান উৎপাদনের জন্য চালু থাকবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ডিয়ারবর্ন, কেনটাকি ও লুইভিলে শিফট কমানোর কথাও জানিয়েছে মার্কিন এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। পাশাপাশি কানাডার ওকভিলে কারখানায় ওভারটাইম বাতিল করা হবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ পরিবর্তন কার্যকর করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডিবিটেক/বিএমটি