চার্জিং ত্রুটিতে অ্যান্ড্রয়েড ১৩ চালিত ডিভাইস
নিজেদের পিক্সেল ফোনে মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ১৩’ উন্মুক্ত করেছে গুগল। সম্প্রতি চালুর কয়েকদিনের মধ্যেই নতুন অপারেটিং সিস্টেমটি ফোনগুলোর ওয়্যারলেস চার্জিং সিস্টেমে সমস্যা তৈরি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া কিছু ব্যবহারকারী ফাস্ট চার্জিংয়েও সমস্যার কথা জানিয়েছেন।
টেকটাইমস এর খবরে বলা হয়, চলতি সপ্তাহেই গুগলের পিক্সেল সিরিজের স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালু করা হয়েছে। এ বছরের শেষ নাগাদ অন্যান্য প্রতিষ্ঠানের স্মার্টফোনেও এই আপডেট চলে আসবে। নতুন অ্যান্ড্রয়েড ১৩ ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তায় বেশ পরিবর্তন এনেছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের পাশাপাশি ‘ম্যাটারিয়াল ইউ’ ডিজাইনেও পরিবর্তন এসেছে।
তবে নানা সুবিধা যুক্ত করলেও নতুন অপারেটিং সিস্টেম কিছু পিক্সেল ব্যবহারকারীকে সমস্যার সম্মুখীন করেছে। এজন্য অনেকেই নতুন ভার্সন ইনস্টল করছে না। দ্য ভার্জের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, রেডিটে পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারীরা ওয়্যারলেস চার্জিংয়ের সমস্যার বিষয়ে অভিযোগ করতে থাকে। পিক্সেল ৬ ও ৬ প্রোতেও এ সমস্যা দেখা গিয়েছে।
পিক্সেল ৪ ও ৪এক্সের ব্যবহারকারীরা নতুন মডেল ব্যবহারকারীদের সঙ্গে একমত পোষণ করে জানায়, স্মার্টফোনের জন্য তারা যে ওয়্যারলেস চার্জার ব্যবহার করত সেটি কাজ করা বন্ধ করে দিয়েছে। সমস্যার সম্মুখীন হওয়া ব্যবহারকারীরা সম্প্রতি তাদের স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩-তে উন্নীত করেছে। অন্যদিকে আরও কিছু ব্যবহারকারী জানায়, তাদের ফোনের ফাস্ট চার্জিং প্রযুক্তিও সমস্যা করছে।
এ বিষয়ে গুগলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
ডিবিটেক/বিএমটি