চার স্তম্ভে এগুচ্ছে ডিজিটাল বাংলাদেশ

২৫ জুলাই, ২০১৯ ০১:১৪  
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মানবসম্পদ উন্নয়ন, ইন্টারনেট সংযোগ, ই-গভর্নেন্স ও তথ্যপ্রযুক্তি শিল্প খাত গড়ে তোলা—এ চারটি মৌলিক স্তম্ভের ওপর দেশকে দাঁড় করানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর এক্ষেত্রে সময় ও খরচ কমিয়ে হয়রানি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এরফলে গ্রামে বসেই মিলছে শহরের সুবিধা। রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল বাংলাদেশ: ভিয়েতনাম ও বাংলাদেশের সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। ভিয়েতনামি দূতাবাস ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার (২৪ জুলাই) এ সেমিনারের আয়োজন করা হয়। বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মাসুদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ন্যশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরেটির নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভ্যান খোয়া, বেসিস এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, ভিয়েতনাম সফ্টওয়্যার কোম্পানির চেয়ারম্যান সোয়ান ন্যায় তিয়েন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সময় ও খরচ কমিয়ে হয়রানি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। দেশের প্রায় চার হাজার ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে গেছে। এর মাধ্যমে গ্রামে বসেই জনগণ শহরের সুবিধা পাচ্ছে। তিনি বলেন, হয়রানি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের আইসিটি খাতের যথাযথ বিকাশে ২৮টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করছে। ইতিমধ্যে ৩টি হাইটেক পার্কের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন দেশি বিদেশি কোম্পানি এসব হাইটেক পার্কে শিল্প স্থাপন করেছে। তিনি ভিয়েতনামের কোম্পানিসমূহকে জয়েন্ট কোলাবরেশন বা এককভাবে বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগের আহবান জানান।